শুটিং করতে গিয়ে হোটেলের ঘরে রহস্যমৃত্যু! প্রয়াত জনপ্রিয় অভিনেতা
শুটিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৬ বছর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। অসুস্থ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রযোজনা সংস্থার তরফে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নসিব ছবির শুটিংয়ের জন্য বগুড়ায় গিয়েছিলেন অভিনেতা। শুটিং ইউনিট সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে ছিলেন। বুধবার, ২৫ নভেম্বর তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।মঙ্গলবার সকালে মেকআপ নেওয়ার পর ইউনিটের এক সদস্য অভিনেতাকে ডাকতে তাঁর হোটেলের ঘরে যান। সেখানে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সোহেল খানকে। অনেক ডাকাডাকি করেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এর পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। অভিনেতার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। পরে রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ৪২০-তে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পর একের পর এক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে অভিনয় করেছেন। বড় পর্দাতেও তাঁর অভিনয় দর্শকদের মনে ছাপ ফেলেছিল। নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, কমন জেন্ডার, বীর এবং শান-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে ছিল অভিনেতার বাড়ি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বাংলাদেশের বিনোদন জগতে।

